Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখতে সার্কুলার জারি করেছে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি ছুটিতে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে সব বন্দরের ব্যাংক। আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিক লেনদেন চলবে।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচদিন দেশের অধিকাংশ ব্যাংক বন্ধ থাকবে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সময়ে দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকগুলো খোলা থাকবে। ছুটির দিনগুলোতে এসব ব্যাংকের কার্যক্রম চালু রাখার সময়সূচি নির্ধারণে সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ছুটির মধ্যেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পাবেন।

এছাড়া, শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকায় গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন।

   

About

Popular Links

x