২০২৩-২৪ অর্থবছর থেকে সকলের জন্য পেনশন সুবিধা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশের সময় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, পেনশন সুবিধা ভোগ করতে পারবেন সুবিধাভোগীরা। দেশের বাইরে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও অংশগ্রহণ করতে পারবেন এ স্কিমে।
তিনি বলেন, “জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩' পাস হয়েছে। ২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। এতে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।”
“এ স্কিমে প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকগরাও অংশগ্রহণ করতে পারবেন। পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।”
তিনি বলেন, “চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা প্রদান করার আগেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে। চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০% পর্যন্ত ঋণ হিসাবে উত্তোলন করা যাবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য হবে এবং এর বিপরীতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। এছাড়া, মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।”
অর্থমন্ত্রী আরও বলেন, “শিগগিরই একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এ কর্তৃপক্ষকে কার্যকর করা হবে।”
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান নিশ্চিত ও “স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রয়াসে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সবশেষ বাজেটটি আগের বাজেটের চেয়ে ১২.৩৪% বড়। ২০২২-২৩ অর্থবছরে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল।
২০২৩-২৪ সালে প্রস্তাবিত বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর মেয়াদের শেষ বাজেট। এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও মুস্তফা কামালের পঞ্চম বাজেট।
“উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে” শিরোনামে বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।