শুল্ক ছাড়া বিদেশ থেকে আনা যাবে না একটি ফোনও

বিদেশ থেকে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল ফোন আনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে সরকার। এখন থেকে প্রবাস থেকে মোবাইল ফোন আনার ক্ষেত্রে কিছু সুবিধা আর পাবেন না যাত্রীরা।

বিদ্যমান ব্যাগেজ বিধিমালার অধীনে একজন যাত্রী শুল্ক ও কর পরিশোধ ছাড়া দুটি নতুন মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারেন। কিন্তু এখন থেকে আর এ সুবিধা থাকছে না।

বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ব্যাগেজ বিধিমালা ২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সুবিধা বাদ দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন কেবল দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনার সুবিধা রাখার প্রস্তাব করেছেন তিনি।

তবে প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে যাত্রীরা নিজের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন বলেও প্রস্তাবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রীর প্রথম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

অর্থ বিভাগের ওয়েবসাইট এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যাবে। এসব ওয়েবসাইট থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজেট সম্পর্কিত যেকোনো তথ্য পড়তে ও ডাউনলোড করতে পারবেন।

পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd ইমেইলে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।