২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লটারির টিকিটের ওপর ১৫% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। আগে এই কর ছিল ১০%।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এর আগে, এ বাজেট মন্ত্রিসভায় অনুমোদন হয়। পরে ওই প্রস্তাবে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, “২০২৪-২৫ অর্থবছরে বাজাটে লটারির টিকিট বিক্রয়কারী সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক (মূল্য সংযোজন কর) হার ১০%-এর পরিবর্তে ১৫% নির্ধারণ করার প্রস্তাব করছি।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রীর প্রথম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।
অর্থ বিভাগের ওয়েবসাইট এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যাবে। এসব ওয়েবসাইট থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজেট সম্পর্কিত যেকোনো তথ্য পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd ই-মেইলে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।