দুর্বল ৭ ব্যাংকে ৬,৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৯ ব্যাংক। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সাতটি ব্যাংক থেকে তারা পেয়েছে ২,০৯৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে পেয়েছে ১,১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১ হাজার কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।
যে ব্যাংকগুলো তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো- সোনালী, মিউচুয়াল ট্রাস্ট, ইস্টার্ন, শাহজালাল ইসলামী, সিটি, ব্র্যাক, পুবালী, ঢাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, “দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হবে। তবে আমানতকারীদের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে।”
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। সেখানে তিনি দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে আরও বেশি অর্থ সহায়তা দিতে সবল ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে যেসব ব্যাংক ঋণপত্র বা এলসি দায় পরিশোধে বিলম্ব করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।