২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংকে আবগারি শুল্ক মুক্ত টাকা জমা রাখার সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ব্যাংকে বছরে একবার ১ লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়।
সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় ব্যাংকে আমানতের পরিমাণ ৩ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।
এর অর্থ হলো, আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই কেবল আবগারি শুল্ক দিতে হবে।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে।”
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর ফলে ছোট আমানতকারীরা ব্যাংকে টাকা জমা রাখতে উৎসাহিত হবেন, যা আমানতের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।
প্রসঙ্গত, বর্তমানে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। ব্যাংক হিসাবের টাকা বছরে অন্তত একবার এসব সীমায় পৌঁছালে আবগারি শুল্ক দিতে হয়।