কোন দেশের ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ১৫% কমিয়ে ২০% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে এই হার ৩৫% নির্ধারণ করেছিল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত এপ্রিলে বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) নতুন নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন। ধারাবাহিকভাবে বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়ায় নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।

নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত (মূল্যভিত্তিক) শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর শুল্ক হারের একটি নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে ট্রাম্পের নতুন এ নির্বাহী আদেশ অনুসারে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকা অনুসারে দেখে নেওয়া যাক কোন দেশে কত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ ২০%, আফগানিস্তান ১৫%, আলজেরিয়া ৩০%, অ্যাঙ্গোলা ১৫%, বলিভিয়া ১৫%, বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%, বতসোয়ানা ১৫%, ব্রাজিল ১০%, ব্রুনেই ২০%, কম্বোডিয়া ১৯%, ক্যামেরুন ১৫%, চাদ ১৫%, কোস্টারিকা ১৫%, কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫%, কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫%, ইকুয়েডর ১৫%, ইকুয়েটোরিয়াল গিনি ১৫%, ভারত ২৫%, ইন্দোনেশিয়া ১৯%, ইরাক ৩৫%, ইসরায়েল ১৫%, জাপান ১৫%, জর্ডান ১৫%, কাজাখস্তান ২৫%, লাওস ৪০%, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%, ফিজি ১৫%, ঘানা ১৫%, গায়ানা ১৫%, আইসল্যান্ড ১৫%, লেসোথো ১৫%, লিবিয়া ৩০%, লিচটেনস্টেইন ১৫%, মাদাগাস্কার ১৫%, মালাউই ১৫%, মালয়েশিয়া ১৯%, মরিশাস ১৫%, মলদোভা ২৫%, মোজাম্বিক ১৫%, মিয়ানমার (বার্মা) ৪০%, নামিবিয়া ১৫%, নাউরু ১৫%, নিউজিল্যান্ড ১৫%, নিকারাগুয়া ১৮%, নাইজেরিয়া ১৫%, নর্থ মেসেডোনিয়া ১৫%, নরওয়ে ১৫%, পাকিস্তান ১৯%, পাপুয়া নিউগিনি ১৫%, ফিলিপাইন ১৯%, সার্বিয়া ৩৫%, দক্ষিণ আফ্রিকা ৩০%, দক্ষিণ কোরিয়া ১৫%, শ্রীলঙ্কা ২০%, সুইজারল্যান্ড ৩৯%, সিরিয়া ৪১%, তাইওয়ান ২০%, থাইল্যান্ড ১৯%, ত্রিনিদাদ ও টোবাগো ১৫%, তিউনিসিয়া ২৫%, তুরস্ক ১৫%, উগান্ডা ১৫%, যুক্তরাজ্য ১০%, ভানুয়াতু ১৫%, ভেনেজুয়েলা ১৫%, ভিয়েতনাম ২০%, জাম্বিয়া ১৫% ও জিম্বাবুয়ে ১৫%।