২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরে নয়

পরবর্তী (২০২৭ সাল) এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

এই বৈঠকে সব পক্ষের মতামত শোনেন তিনি। নানা দিক বিশ্লেষণ করে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি এখনো প্রকাশ করেনি মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। 

এর আগে, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা প্রকাশের পর এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়। গত বুধবার অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না নেওয়ার পক্ষে মত এসেছে।

অনলাইনে এই সভায় যুক্ত হয়ে একজন শিক্ষার্থী জানান, হুট করে এ বছরের ডিসেম্বরে পরীক্ষা নিলে প্রস্তুতিতে ঘাটতি হবে।  

এছাড়া এ সভায় সশরীরে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক কামাল বলেন, “সভায় শিক্ষার্থীদের সময় অপচয় না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনে অংশীজনদের মতামত নেওয়া হয়। অনেক শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানের মতামত হচ্ছে এসএসসি পরীক্ষা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আর এইসএসসি পরীক্ষা জুনের প্রথম সপ্তাহে নিলে কোনো সমস্যা থাকবে না।”

এটা ধরেই পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়ার ভাবনার কথা বলেন তিনি।