আগামীকাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

আগামী রবিবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল।

এই ফলাফল প্রকাশ উপলক্ষ্যে রবিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) এই ফলাফল প্রকাশের কথা ছিল। এ লক্ষ্যে বৃত্তি পরীক্ষার ফলাফল গত ৮ জুলাই সম্পূর্ণ প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত এই ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী মো. মেহতাব কায়েসকে। যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনোভাবেই যেন এই ফল আপলোড না হয়, সে বিষয়ে তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু সেই নির্দেশনা অমান্য করে গত ৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকগুলোয় আপলোড করে দেওয়া হয়। লিংকগুলো থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল আপলোড করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে অভিযুক্ত সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ বছর দেশজুড়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি। যার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৫ লাখ এবং কিন্ডারগার্টেনের ৯০,০০০ শিক্ষার্থী অংশ নেয়।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। 

এ বছর মোট ৮২,৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ৮০% পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাকি ২০% পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্তদের বরাবরের মতোই ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’ - এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে।