Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘‘একটি বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বোঝা যায় সেই বিশ্ববিদ্যালয়টির মান ও অবস্থান কেমন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও ধারণা পাওয়া যায়। তাই কোনো বিশ্ববিদ্যালয়কে ভালো র‌্যাঙ্কিংয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।’’

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ন্যানোটেকনোলজি, রোবোটিক্স এর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে বলে জানান তিনি। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘‘আমরা ‘ক্রস বর্ডার এডুকেশন’ এর ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। এটা চালু করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। পাশাপাশি এর ফলে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ও (বুদ্ধিবৃত্তিক সম্পত্তি) এদেশে আমদানি করতে পারবো।’’ 

এসময় তিনি শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব না দিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেন। 

প্রথম পর্যায়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়িারিং এই তিনটি বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ১৬ টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরপর মন্ত্রী খুলনার জিয়া হল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। 

খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান বক্তা এবং সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x