কেবল প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি দিয়ে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে তরুণদের বাস্তবমুখী, প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতায় দক্ষ হয়ে ওঠার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (৯ অক্টোবর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত ২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, ‘‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে তরুণ সমাজকে দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা আবশ্যক। বিশ্বায়ন ও আধুনিক কর্মক্ষেত্রে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে জোর দিতে হবে।’’
প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। শ্রেণিকক্ষে মুখস্থনির্ভর পড়াশোনার বদলে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা বাড়াতে হবে।’’
আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয় বলে উল্লেখ করেন ববি হাজ্জাজ।
ইউল্যাবের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।



