রাবির প্রধান ফটক রাত ১০টার পর বন্ধ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ-চলাচলে নতুন নির্দেশনা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (মেইন গেট) ও চারুকলা গেট বন্ধ করে দেওয়া হবে। এরপর এসব গেট দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে রাত ১০টার পর যানবাহন চলাচলের জন্য কাজলা, বিনোদপুর ও স্টেশন বাজার গেট খোলা থাকবে।

এ ছাড়া কর্মদিবসে অফিস সময়ের পর বিকেল ৫টা থেকে এবং ছুটির দিনগুলোতে সারা দিন ফুট ফাইবার গেট সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত যানবাহনে প্রক্টর অফিস থেকে সংগ্রহ করা স্টিকার লাগাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখা এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদ ও আশঙ্কামুক্ত পরিবেশে ক্যাম্পাসে অবস্থান করে পড়াশোনা করতে পারেন, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল উদ্দেশ্য।”