আইডি কার্ড ব্যবহার করে বহিষ্কৃত শিক্ষার্থীর উস্কানিমূলক বক্তব্য, থানায় জিডি

রাজধানীর মাইলস্টোন কলেজ থেকে শৃঙ্খলাজনিত কারণে বহিষ্কৃত (টিসি প্রাপ্ত) এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের পক্ষে প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে উত্তরা সংলগ্ন তুরাগ থানায় এই জিডিটি দায়ের করেন।

জিডির বিবরণীতে বলা হয়েছে, অভিযুক্ত রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা শিক্ষা বোর্ডের যথাযথ অনুমোদনক্রমে তাকে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। ফলে বর্তমানে মাইলস্টোন কলেজের সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই এবং কলেজের পরিচয়পত্র ব্যবহার করার কোনো আইনি অধিকারও তার নেই।

কলেজ কর্তৃপক্ষ জিডিতে উল্লেখ করে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের আইডি কার্ড প্রদর্শন করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নিচ্ছেন এবং সেখানে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।

তিনি বর্তমানে এই কলেজের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা কলেজের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তুরাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আরিফুল ইসলাম রানা জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, “মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের আবেদনক্রমে তুরাগ থানায় সাধারণ ডায়েরিটি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”