এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফল প্রকাশের আগে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম শেষ করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, “ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখ অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।“
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিভিন্ন অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকেও শিক্ষা বোর্ডগুলোকে সে অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। বর্তমানে সব ধরনের প্রস্তুতি শেষ করে সরকারের অনুমোদিত তারিখেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।