এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

ফলাফল আশানুরূপ না হওয়া শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এ আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানান, পুনঃনিরীক্ষণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন

তথ্য প্রদান: নির্ধারিত পোর্টালে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

মোবাইল নম্বর: পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল এই নম্বরেই এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিষয় নির্বাচন: এরপর স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যে বিষয়গুলোর পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি পরিশোধ: প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবাসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।

আবেদন জমা: ফি পরিশোধের পর আবেদনে ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

ফি পরিশোধের পর আবেদনে কোনো পরিবর্তন করা যাবে না এবং পরিশোধ করা ফি ফেরতযোগ্য নয়। তবে ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে ‘মুছে ফেলুন’ অপশনে ক্লিক করে তা সংশোধন করা যাবে।

এ ছাড়া ফি দেওয়ার পর কোনো শিক্ষার্থী নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় আগের মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করতে পারবেন।

শিক্ষা বোর্ড জানিয়েছে, অনলাইন পোর্টাল ছাড়া কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।