বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আখেরি চাহার শোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আখেরি চাহার শোম্বা উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। এর আওতায় সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজের কার্যক্রম বন্ধ থাকবে। একইভাবে পৃথক নোটিশের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও ছুটি ঘোষণা করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবারের ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

‘আখেরি চাহার শোম্বা’ শব্দটি আরবি ও ফারসি ভাষার সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার শোম্বা বলা হয়।

এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।