বিশ্ব যুব দিবসে ঢাবিতে সাইকেল র‍্যালি

বিশ্ব যুব দিবস উপলক্ষে ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের আয়োজনে এ র‍্যালি বের হয়।

তরুণদের মধ্যে সুস্থ জীবনযাপন, পরিবেশ সচেতনতা, সামাজিক সম্প্রীতি এবং সাইক্লিংয়ের মাধ্যমে ইতিবাচক জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘তরুণরাই দেশের ভবিষ্যৎ। সুস্থ ও সচেতন তরুণ সমাজ গড়ে তুলতে খেলাধুলা, শরীরচর্চা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান। তিনি বলেন, ‘সাইক্লিং শুধু একটি ক্রীড়া বা যাতায়াতের মাধ্যম নয়; এটি সুস্থতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক সংযোগের একটি মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে সাইক্লিং সংস্কৃতিকে আরও বিস্তৃত করাই আমাদের অন্যতম লক্ষ্য।’

ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ বলেন, ‘বিশ্ব যুব দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে তরুণদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হলো সাইক্লিংয়ের মাধ্যমে তরুণদের একটি সুস্থ, সচেতন ও পরিবেশবান্ধব জীবনধারার সঙ্গে যুক্ত করা। একই সঙ্গে তরুণদের মধ্যে ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস। তিনি বলেন, তারুণ্যের প্রতিভা বিকাশে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ করে, নেতৃত্বের গুণাবলি বিকশিত করে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তরুণদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, দেশে সাইক্লিংয়ে নারীদের অংশগ্রহণ এখনো তুলনামূলকভাবে কম। তরুণ-তরুণীরা সমানভাবে এগিয়ে এলে আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাদের স্বপ্ন, মেধা ও সৃজনশীলতাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি আগামী ১৪ আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ‘হৃদয় ঢাকা’ সাইকেল র‍্যালিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের দপ্তর সম্পাদক সোলায়মানসহ ক্লাবের বিভিন্ন বয়সী সাইক্লিংপ্রেমীরা অংশ নেন।