ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের অধীন আটটি বিভাগকে তিনটি বিভাগে একীভূত করার প্রস্তাব নিয়ে ডিনস কমিটির এক সভায় আলোচনা হয়েছে।
এসব বিভাগের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ তিনটি বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন। আর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজসহ পাঁচটি বিভাগ কলা অনুষদের অধীন।
গত ২২ জুন অনুষ্ঠিত ডিনস কমিটির সভার কার্যবিবরণী অনুযায়ী, বিভাগগুলো একীভূত করার বিষয়টি বিবেচনার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিনরা বিভাগগুলোর চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব পেশ করবেন। সভার কার্যবিবরণীর ‘বিবিধ’ অংশে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কার্যবিবরণীর ‘বিবিধ-২’ অংশে গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি, মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগকে একীভূত করে একটি বিভাগ গঠনের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে বিবিধ-৩’ অংশে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, সংগীত ও নৃত্যকলা বিভাগকে একীভূত করা এবং সংস্কৃত ও পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগকে একীভূত করার প্রস্তাব আসে।
এই কার্যবিবরণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আবদুস সালামের সই রয়েছে।
এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার বলেন, “এ ধরনের কিছু করা আসলে কঠিন। বিভাগগুলো যখন আলাদা করা হয়েছিল, তখন সেটির প্রয়োজন ছিল বলেই করা হয়েছিল। আমার মনে হয় না, বিভাগগুলোকে আবার একটি বিভাগের অধীনে নিয়ে আসা সম্ভব হবে।”
তিনি বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
২০১২ ও ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষকের উদ্যোগে দুটি নতুন বিভাগ খোলা হয় - টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ। টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগটি খোলা হয় ২০১২ সালে। সেখানে চেয়ারম্যান ও শিক্ষক হন সাংবাদিকতা বিভাগেরই শিক্ষক ও একই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা। আর প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগটি খোলা হয় ২০১৫ সালে। এর প্রথম চেয়ারম্যান সুধাংশু শেখর রায় দীর্ঘদিন সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। বর্তমান বিভাগটির পূর্ণকালীন শিক্ষকদেরও প্রায় সবাই সাংবাদিকতা বিভাগ থেকেই পড়াশোনা করা।
একসময় সংস্কৃত ও পালি একটি বিভাগ ছিল। ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে পালি আলাদা হয়ে পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ নামে যাত্রা শুরু করে। সংস্কৃতও আলাদা বিভাগ হিসেবে থেকে যায়। এ ছাড়া ১৯৯৪ সালে ‘নাট্যকলা ও সংগীত বিভাগ’ নামে যাত্রা শুরু করা বিভাগটিকে বিভক্ত করে ২০০৯ সালে দুটি বিভাগ করা হয় - নাট্যকলা বিভাগ ও সংগীত বিভাগ। পরে ২০১৪ সালে নাট্যকলা বিভাগের নাম পরিবর্তন করে ‘থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ’ করা হয়, তবে সংগীত বিভাগের নাম অপরিবর্তিত আছে।



