Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে মবের নিন্দা ও প্রতিবাদ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশ জাসদ-এর অফিসে অনুষ্ঠান পন্ড করার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

গত ১৫ আগস্ট ধানমন্ডিতে মব সন্ত্রাসে জনগণকে হেনস্তা ও পুলিশে সোপর্দ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। 

সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ কর্তৃক বাংলাদেশ জাসদের কর্মসূচী পন্ড করা এবং ধানমন্ডিতে মব সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জোটটি। 

বিবৃতিতে বলা হয়, ‘‘১৫ আগস্ট বাংলাদেশ জাসদ-এর কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে পুলিশি বাধা ও পন্ড করে দিয়েছে। পুলিশ অনুষ্ঠান শুরুর আগে থেকে কার্যালয়টি দখল করে রাখে। এছাড়াও ঐদিন ধানমন্ডিতে মব সন্ত্রাসে জনগণকে হেনস্তা ও পুলিশে সোপর্দ করা হয়েছে।’’  

যৌথ এই বিবৃতিতে স্বাক্ষর করেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন আল রশীদ। 

বিবৃতিতে নেতারা বলেন, ‘‘রাজনৈতিক দলের অফিসে পুলিশ দিয়ে কর্মসূচি পালনে বাধা দেওয়ার ঘটনা বিগত ফ্যাসিবাদী শাসনের কথাই স্মরণ করিয়ে দেয়।’’ 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘‘সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। বাংলাদেশ জাসদ নির্ধারিত অনুষ্ঠানের খবর আগে জানালেও সরকারের দিক থেকে কোন পূর্ব সতর্কতা না জানিয়ে বা আলাপ না করে পুলিশ দিয়ে জোরপূর্বক তাদের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য করেছে। সরকারের এই ভূমিকা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ।’’ 

নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশ জাসদ-এর অফিসে অনুষ্ঠান পন্ড করা এবং ধানমন্ডিতে মবের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। 

   

About

Popular Links

x