রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি থেকে শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব করা হয়। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য ভর্তি কমিটির কাছে পাঠানো হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ প্রশাসক এবং সংশ্লিষ্ট অনুষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান।
অধ্যাপক কামরুজ্জামান বলেন, “এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট দিয়ে শুরু করার প্রস্তাব করা হয়েছে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।”
আবেদনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আগামী ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের প্রস্তাব করা হয়েছে।”
ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে অধ্যাপক কামরুজ্জামান বলেন, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটসহ সাতটি শহরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। ভর্তি কমিটির অনুমোদনের পর ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন ও পরীক্ষা কেন্দ্রসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।