হাইস্কুল-মাদ্রাসায় বড় নিয়োগের প্রস্তুতি সরকারের 

দেশের হাই স্কুল ও মাদ্রাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

সোমবার (১৭ আগস্ট) ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।  

মন্ত্রী বলেন, ‘‘হাই স্কুল ও মাদ্রাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে যাদের বিভিন্ন দূরদূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা করছি। আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।’’ 

অবসর ভাতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘শিক্ষকদের অবসর ভাতা সারা দেশে সবাইকে দেওয়া শুরু হয়েছে। শিক্ষক নিয়োগের প্রস্তুতিও মোটামুটি সব ক্ষেত্রেই শুরু হয়েছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নেই।’’ 

এর আগে, সোমবার সকালে কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘‘সরকার ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ করেছে। এ সময়ের মধ্যে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে।’’