ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা পুনর্নিবন্ধনের মাধ্যমে এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ ‍আগস্ট) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শুরুর পর বন্যা, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। একই কারণে দেশের অন্যান্য অঞ্চলেও ১৩ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।

এ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনকারীদের একটি দল সংসদ এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। আন্দোলন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে।

তবে সরকার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য শিক্ষা বোর্ডগুলোতে ১৩ জুলাইয়ের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। এরপরও আন্দোলনে থাকা অনেক শিক্ষার্থী ওই দিনের পরীক্ষায় অংশ নেননি। তাদের জন্যই এখন বিশেষ পরীক্ষার আয়োজন করেছে ঢাকা শিক্ষা বোর্ড।