গোপালগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে পার্শ্ববর্তী ফরিদপুর ও মাদারীপুরের জেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে।
আগামী ১ ডিসেম্বর দেশব্যাপী এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় কয়েকটি কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের সরকারি রাজৈর কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর সরকারি কলেজ উপকেন্দ্রে, টুঙ্গিপাড়া সরকারি বাশিয়াখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।



