স্বরাষ্ট্রমন্ত্রী: কারফিউ জারি কিংবা সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

জাজিরায় সংঘর্ষে প্রাণহানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ঢাকা শহরে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থান রুটিন কার্যক্রমের অংশ। এ ধরনের যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।’’ 

লকডাউন বা কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘কোনো পরিকল্পনা নাই।’’ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘কোনো শঙ্কা নাই।’’ 

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হয়নি। 

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।’’