এসএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে পরিবর্তিত ফলাফল একাদশ শ্রেণির ভর্তি আবেদনের অনলাইন পোর্টালে যুক্ত করা হয়েছে। ফলে যে সকল শিক্ষার্থীদের ফলাফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে তারা নতুন করে আবেদন করতে পারবে। আর আগে আবেদন করা শিক্ষার্থীরাও প্রয়োজন হলে নিজেদের আবেদন সংশোধন বা পরিমার্জন করতে পারবে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের পর পরিবর্তিত ফলাফল পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগে আবেদন না করা শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে। আর যারা ইতোমধ্যে আবেদন করেছে, তারা চাইলে পছন্দক্রমসহ আবেদনের তথ্য সংশোধন করতে পারবে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত করা যাবে। গত ১০ সেপ্টেম্বরের মধ্যে যারা আবেদন করতে পারেন নি, তারাও এই সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবে।

ভর্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবে। পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে রবিববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত।  

একাদশে ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। আর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।