চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখানো, গ্রাফিতি অঙ্কন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে আসতে পারেন এমন খবরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে শনিবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান ও গ্রাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দেয়ালসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব গ্রাফিতি আঁকা শুরু করে তারা।
চুয়েটের ছাত্র রিদুয়ানুল হক জানান, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। দাবি আদায় না করে আমরা ক্লাসে ফিরে যাব না।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পরে, গত ২৭ জুলাই অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এদিকে, এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতি। গত ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।