চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)-২০২৬ সালের পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে।
রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী, ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
নির্দেশনা বলা হয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
এর আগে, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়।



