শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী 

বাংলাদেশে গত সাত বছরে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়লেও এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিপরীতে, নিবন্ধিত আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে। 

সম্প্রতি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

ব্যানবেইস এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ লাখ ৫৭ হাজার। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৭০ লাখ ৭৪ হাজারে। অর্থাৎ সাত বছরে শিক্ষার্থী কমেছে প্রায় ১৭ লাখ ৮৩ হাজার বা ২০.১%। 

শিক্ষার্থী কমলেও একই সময়ে সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালে এসব প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৬ হাজার ১৮৬টি, যা ২০২৫ সালে দাঁড়ায় ১৬ হাজার ৭৩৭টিতে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল সংবাদমাধ্যমকে বলেন, ‘‘মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।’’ 

তার ভাষ্যমতে, কোভিড-১৯-এর প্রভাব, পরবর্তী সময়ে পরিবারের আর্থিক সংকট, শিশুশ্রম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অন্য ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যাওয়ার মতো সম্ভাব্য কারণগুলো এর জন্য দায়ী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ‘‘বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া শিক্ষা খাতে পরিকল্পনার ঘাটতির ইঙ্গিত দেয়।’’ 

তিনি আরও বলেন, ‘‘আমরা জানি না, আসলে কতটি বিদ্যালয় প্রয়োজন, ভবিষ্যতে কতজন শিক্ষার্থী থাকবে, কী ধরনের বিদ্যালয় ও কলেজ দরকার, কিংবা উচ্চশিক্ষার চাহিদা কেমন।’’ 

বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৯৭% বেসরকারি। তবে বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যালয়গুলো এখনো বেশ জনপ্রিয়। তা সত্ত্বেও এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী কমছে। 

শিক্ষাবিদেরা বলছেন, সরকারি বিদ্যালয়ে বেতন ও ফি নামমাত্র হলেও পড়াশোনার পেছনে পরিবারগুলোকে বাড়তি অর্থ ব্যয় করতে হয়। কোচিং, গাইডবই, যাতায়াত ও শিক্ষা উপকরণের খরচ অনেক পরিবারের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়। 

আলিয়া মাদ্রাসায় বেড়েছে শিক্ষার্থী

তবে, সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমলেও নিবন্ধিত আলিয়া মাদ্রাসায় তাদের সংখ্যা বেড়েছে। 

ব্যানবেইসের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ২০১৮ সালের ৩ লাখ ৬২ হাজার থেকে বেড়ে ২০২৫ সালে ৩ লাখ ৯৮ হাজার হয়েছে। সাত বছরে বেড়েছে ৩৬ হাজার ৬৬০ জন বা ১০.১%। 

ইংরেজি মাধ্যমের বিদ্যালয়েও শিক্ষার্থী বেড়েছে। ২০১৮ সালে এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৫৫৪। ২০২৫ সালে তা দাঁড়ায় ২৪ হাজার ৫৩০-এ, যা ৮.৮% বৃদ্ধি। 

শিক্ষা কর্মকর্তারা বলছেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীর চিত্র এই পরিসংখ্যানে পুরো উঠে আসে না। কারণ, অনেক ইংরেজি মাধ্যমের বিদ্যালয় এখনো তথ্য সংগ্রহ ও প্রতিবেদন ব্যবস্থার বাইরে রয়েছে। 

এর আগে, গত ১৪ জুলাই সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, দেশে প্রায় ২৫ হাজার কওমি মাদ্রাসা রয়েছে, যেখানে শিক্ষার্থী প্রায় ৭০ লাখ।