জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
আলী রেজা বলেন, “আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে।“ তবে এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষার ফি নিয়ে আলী রেজা বলেন, “এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও বাকি রয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।“
তিনি আরও জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।