টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭ এ বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এর আগে ২০২৪ ও ২০২৫ সালের র্যাংকিংয়েও দেশসেরা হয়েছিল বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে দেওয়া এক অভিনন্দন বার্তায় এ অর্জনের জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
বার্তায় উপাচার্য বলেন, “টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা হওয়া জাবির জন্য সম্মান ও গৌরবের। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বেড়েছে।“
আগামীতে বিশ্ব র্যাংকিংয়ে জাবি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। তিনি জানান, নবনিযুক্ত প্রশাসন শিক্ষা ও গবেষণার প্রসার এবং মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে গবেষণা খাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশে আর্থিক প্রণোদনা বাড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, তালিকায় ৮০১-১০০০ র্যাংকের ব্যান্ডে অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী বাংলাদেশের মধ্যে যৌথভাবে শীর্ষে আছে জাবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক এই পাঁচ সূচকে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র্যাংকিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।



