জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের পৃথক দুটি ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তারা চলমান ও নির্ধারিত কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, তার সই করা দুটি পৃথক অফিস আদেশে এসব জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই রাত ১০টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে র্যাগিং করেন বলে অভিযোগ উঠেছে। শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পাশে মনপুরা নামে পরিচিত এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে ৩৫ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের মোট জরিমানার পরিমাণ ৩ লাখ ৬৫ হাজার টাকা।
এর মধ্যে মো. জাহিদ হাসান, মো. ফজলে হাসান ফাহাদ ও সৈয়দ সাকিব আহমেদ রাতুলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান মিজু ও মো. ফয়সাল আহমেদকে ৪৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মো. মাহমুদুল হাসান খান আকিবকে ৪০ হাজার টাকা এবং মো. আল-আমিন হোসাইনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই রাত ১১টা থেকে রাত ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে এ ঘটনা ঘটে বলে অফিস আদেশে জানানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, জুনিয়র শিক্ষার্থীদের গালিগালাজ করা হয়। তাদের কান ধরে থাকতে বাধ্য করা হয়। ‘আচার-আচরণ শেখানোর’ নামে তাদের র্যাগিং করা হয়।
ইতিহাস বিভাগের ওই ১২ শিক্ষার্থীকে ২০ থেকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের মোট জরিমানার পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। মো. আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইশফাক হাদী, নাঈম আহমেদ সাজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামসেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা অধ্যাদেশ, ২০১৮’-এর ৩(২) (ঘ) ধারা অনুযায়ী তাদের এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
অফিস আদেশ অনুযায়ী, জরিমানা পরিশোধ না করা পর্যন্ত এই শিক্ষার্থীরা চলমান পরীক্ষা, টার্ম ফাইনাল পরীক্ষা বা নির্ধারিত অন্য কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
ভবিষ্যতে কেউ একই ধরনের অপরাধ করলে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করেছে জাবি প্রশাসন।



