দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ) বাধ্যতামূলকভাবে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। মাউশি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বরের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিরোধ কমিটি গঠন করা আবশ্যক। কমিটিতে স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে শিক্ষা অধিদপ্তরের নির্দিষ্ট ইমেইল ঠিকানায় (ad-admin@dshe.gov.bd) প্রতিবেদন পাঠাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা রক্ষা, তরুণ প্রজন্মকে মাদক এবং উত্ত্যক্তকরণের মতো সামাজিক অপরাধ থেকে সুরক্ষা দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।