প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) হীরকজয়ন্তী উদ্যাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
দিনটি ঘিরে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দেড় লাখ মানুষের সমাগম হবে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানের মূল আয়োজন হবে। হীরকজয়ন্তী উদ্যাপনে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৬২ লাখ টাকা।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হীরকজয়ন্তী উদ্যাপনে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৬২ লাখ টাকা। অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে ৬ হাজার ৫৪৭ জন প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৬০ জন নিবন্ধন ফি পরিশোধ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুরুতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করার পরিকল্পনা থাকলেও তা চূড়ান্ত হয়নি। বর্তমান সূচি অনুযায়ী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি এবং ভূমি প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের ১৪ থেকে ১৫ জন সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমন আরও সাত থেকে আটজন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সকাল ১০টায় শোভাযাত্রা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
১৮ নভেম্বর সকাল ১০টায় উপাচার্যের উদ্বোধনের মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে।
দিনব্যাপী আয়োজনে থাকবে কেক কাটা, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রীয় খেলার মাঠের আশপাশে ব্যাচভিত্তিক বুথ স্থাপন করা হচ্ছে। প্রতি ৫০০ জন প্রাক্তন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ রাখার পরিকল্পনা রয়েছে।
নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা এসব বুথ থেকে সকালের নাশতা, দুপুরের খাবার ও উপহারসামগ্রী সংগ্রহ করতে পারবেন। উপহারের মধ্যে থাকবে স্মারক প্রকাশনা, কোট পিনসহ বিভিন্ন স্মারক। বর্তমান শিক্ষার্থীদের জন্যও টি-শার্ট ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবাসিক ও সংযুক্ত হলগুলোর মাধ্যমে সেগুলো বিতরণ করা হবে।
উদ্যাপনে ব্যয় ২ কোটি ৬২ লাখ টাকা
হীরকজয়ন্তীর জন্য নির্ধারিত ২ কোটি ৬২ লাখ টাকার ব্যয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল, বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও অনুদান থেকে মেটানোর পরিকল্পনা রয়েছে। তবে কোন উৎস থেকে কত টাকা পাওয়া যাবে, তার বিস্তারিত হিসাব জানা যায়নি।
প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। অন্যদিকে বর্তমান শিক্ষার্থীদের কোনো নিবন্ধন ফি দিতে হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান জানিয়েছেন, নিবন্ধন ও ফি পরিশোধের কার্যক্রম শেষ হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহারের পাশাপাশি কিছু চমকও রাখা হয়েছে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর গত আট মাসে বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও গবেষণাভিত্তিক আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তির আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে প্রশাসনের।
চার বিভাগ থেকে ৪৮ বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি, এই চার বিভাগে প্রায় ২০০ শিক্ষার্থী এবং সাত থেকে আটজন শিক্ষক নিয়ে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।
প্রতিষ্ঠার সময় নিজস্ব স্থায়ী অবকাঠামো না থাকায় নগরীর নাসিরাবাদে অস্থায়ী প্রশাসনিক কার্যালয় স্থাপন করা হয়। আর পাঠদান শুরু হয় হাটহাজারীর ফতেহপুর এলাকায়।
ছয় দশকে বিশ্ববিদ্যালয়টির পরিসর বেড়েছে বহুগুণ। বর্তমানে এখানে নয়টি অনুষদ, ৪৮টি বিভাগ, ছয়টি ইনস্টিটিউট, পাঁচটি গবেষণাকেন্দ্র এবং ২৫টি অধিভুক্ত কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২৬ হাজার ৬৭৮ জন। তাদের বড় একটি অংশ অনাবাসিক।
শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ১৪টি হল। এর মধ্যে নয়টি ছাত্রদের এবং পাঁচটি ছাত্রীদের। এ ছাড়া রয়েছে একটি হোস্টেল।
প্রতিষ্ঠার পর এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথম সমাবর্তন হয় ১৯৯৪ সালে। পরবর্তী সমাবর্তনগুলো অনুষ্ঠিত হয় যথাক্রমে ১৯৯৯, ২০০৮, ২০১৬ সালের ৩১ জানুয়ারি এবং ২০২৫ সালের ১৪ মে।
যাতায়াতে ৫০ বাস ও ১২ বৈদ্যুতিক যান
হীরকজয়ন্তীতে অংশ নিতে আসা নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৫০টি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নগরীর বড়পোল, আমিরাবাদ, নিউমার্কেট ও ওয়াসা মোড়সহ নির্ধারিত স্থান থেকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিভিন্ন সময়ে বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে।
আসন খালি থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট, পলিটেকনিক মোড় এবং শেরশাহ লিংক রোড মোড় থেকেও নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা বাসে উঠতে পারবেন।
ক্যাম্পাসে প্রবেশের পর বাসগুলো জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, সিকিউরিটি মোড়, সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ হয়ে শহীদ ফরহাদ হোসেন হল অথবা শহীদ আবদুর রব হলের সামনের মাঠে পৌঁছাবে। এসব স্থান বাস পার্কিংয়ের জন্য ব্যবহার করা হবে।
ফেরার সময় বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রতি ১৫ মিনিট পরপর পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশে ছেড়ে যাবে। বাকি বাসগুলো অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টায় শহীদ মিনার এলাকা থেকে যাত্রা করবে।
ক্যাম্পাসের ভেতরে চলাচলের সুবিধায় ১২টি বৈদ্যুতিক যান রাখা হয়েছে। এর মধ্যে ছয়টি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রক্টর কার্যালয় ও শহীদ মিনারের মধ্যে চলাচল করবে। তবে শোভাযাত্রা চলাকালে এসব যান বন্ধ থাকবে।
অন্য ছয়টি বৈদ্যুতিক যান প্রয়োজন অনুযায়ী কাটাপাহাড় সড়কের প্রবেশপথ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চলাচল করবে।
ব্যক্তিগত গাড়ির পার্কিং ও চলাচলে বিধিনিষেধ
অনুষ্ঠানে আসা ব্যক্তিগত গাড়ির জন্যও নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হল মোড় হয়ে আলাওল হল পর্যন্ত সড়ক, এ এফ রহমান হলের মাঠ, কেন্দ্রীয় মসজিদের সামনের এলাকা এবং সোহরাওয়ার্দী হলের মাঠে গাড়ি রাখা যাবে।
এসব জায়গা পূর্ণ হয়ে গেলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের সামনে, শহীদ আবদুর রব হল হয়ে নির্ধারিত এলাকায় এবং শহীদ ফরহাদ হোসেন হলের মাঠে অতিরিক্ত গাড়ি রাখার সুযোগ থাকবে।
এদিকে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বুধবার দুপুর ২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী মোড়, সিকিউরিটি মোড় ও বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যানবাহন চলাচল সীমিত রাখা হবে।