চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় ফল প্রকাশ করা হবে ফল।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ফল প্রকাশের কথা ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফলের জন্য আরও চার ঘণ্টা অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের নতুন সময় জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
যেভাবে জানবেন ফলাফল
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৩টায় দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
একইসঙ্গে কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট [eduboardresults.gov.bd] (https://eduboardresults.gov.bd/) থেকে জানা যাবে ফল।
পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে জানা যাবে ফল।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২, ৯১,২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।