সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্রসহ পরীক্ষা সংক্রান্ত ১৯টি সেবা এখন থেকে একই আবেদনে গ্রহণ করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে জমা দেওয়া যাবে ফি। এজন্য ব্যাংকে যেতে হবে না। ফলে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা তার কাঙ্ক্ষিত সেবা পাবে। শুধু তাই নয়, যে বিষয়ে আবেদন করা হবে তা প্রস্তুত হলে অটো এসএমএস চলে যাবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মোবাইল নম্বরে ও মেইল আইডিতে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপাচার্য বলেন, ‘‘শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষা সংক্রান্ত সেবাগুলো যাতে শিক্ষার্থীরা ঘরে বসে এক আবেদনে পেতে পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য পরীক্ষা সংক্রান্ত সেবা আধুনিকায়ন করা হয়েছে। দ্রুত ও স্বল্পমূল্যে সেবা প্রদানের জন্য নতুন সফটওয়্যার ডেভলপ করা হয়েছে। ফলে এখন থেকে শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে সেবা পাবে।”
১৯টি সেবা একই আবেদনে পেতে হলে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) থেকে সার্ভিস মেন্যুতে ক্লিক করে স্টুডেন্ট লগইনে যেতে হবে। এরপর এক্সামিনেশন সার্ভিস মেন্যুতে যেতে হবে। এরপর পর্যায়ক্রমে কম্বাইন্ড সার্ভিস মেন্যুতে ক্লিক করে ডকুমেন্টস কারেকশন মেন্যুতে ক্লিক করে ৬টি সেবা একসঙ্গে নেওয়া যাবে। সেবাগুলোর মধ্যে রয়েছে- প্রবেশপত্র, প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশিট, মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট (দ্বিতীয় বার)। আর ডুকমেন্টস ডুপ্লিকেট মেন্যুতে ক্লিক করে চারটি সেবা গ্রহণ করতে পারবে। এর মধ্যে রয়েছে- প্রবেশপত্র, প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশিট, মূল সার্টিফিকেট।
একইভাবে ইমপ্রুভমেন্ট মেন্যুতে রয়েছে- মার্কশিট, সার্টিফিকেট নামে দুটি সেবা। ট্রান্সলেশন মেন্যুতে রয়েছে- প্রবেশপত্র, মার্কশিট, প্রভেশনাল সার্টিফিকেট। ফ্রেশ কপি মেন্যুতে ক্লিক করে নিতে পারবেন ৪টি সেবা। এর মধ্যে রয়েছে- প্রবেশপত্র, মার্কশিট, প্রভিশনাল সার্টিফিকেট, অরজিনাল সার্টিফিকেট। এই সেবাগুলো একজন শিক্ষার্থী একসঙ্গে নিতে পারবে।
আবার আগের মতো আলাদাভাবেও সেবা নেওয়া যাবে। তবে একসঙ্গে আবেদন করলে অর্থ এবং সময় উভয়দিকেই সাশ্রয় হবে বলে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।