বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্ত সাহার বাড়ি নরসিংদী সদরে। আর তৌফিকের বাড়ি নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোডে।
এ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা নাম জাকারিয়া হিমু। তিনি ২১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় চুয়েটের দুই ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ছাত্র। তিন ছাত্র মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা রাঙ্গুনিয়া থেকে চুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়েছে।