সরকারি মেডিকেল কলেজে ভর্তির সময়সীমা বাড়ল

সারাদেশে সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন যেকোনো সময় এমবিবিএস ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্যশিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।”

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।