এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত “মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৬–২০২৭” অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ ডিসেম্বর। এবারও পরীক্ষা হবে সারা দেশে অভিন্ন প্রশ্নে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিন্ন প্রশ্নে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীদের এসএসসি ও এইচএসসির সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫ থাকতে হবে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩ লাগবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ যেসব প্রার্থী ইংরেজিতে পরীক্ষা দিতে চান, তাদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র থাকবে।
পরীক্ষা হবে এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী বহুনির্বাচনী (এমসিকিউ) ফরম্যাটে। ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর ১০০, উত্তর দিতে সময় পাওয়া যাবে ১ ঘণ্টা ১৫ মিনিট। নম্বরবিভাজনে পদার্থবিজ্ঞানে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর রাখা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ৪০ নম্বরের কম পেলে পরীক্ষার্থীকে অকৃতকার্য ধরা হবে।
আবেদন করতে হবে অনলাইনে, এবং একজন শিক্ষার্থী একবারের বেশি আবেদন করতে পারবেন না। অনলাইনে ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ মিলবে। ও-লেভেল, এ-লেভেল বা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র সমন্বয় করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
মেধাতালিকা তৈরি হবে ভর্তি পরীক্ষার নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের জিপিএর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের জিপিএর ১২ গুণ যোগ করে চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হবে। তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মোট নম্বর থেকে ৩ নম্বর কাটা যাবে। আর আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে কাটা যাবে ৫ নম্বর। এভাবে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে এবং কোটা ও শিক্ষার্থীদের পছন্দক্রম বিবেচনায় ভর্তির জন্য নির্বাচন করা হবে।



