গাজায় হামলার প্রতিবাদে জবিতে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি, প্রশাসনের সংহতি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা নো ওয়ার্ক কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন “নো ওয়ার্ক” কর্মসূচি ঘোষণা করে।

সংহতির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে এবং আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করছে।

শিক্ষক সমিতির নো ওয়ার্ক কর্মসূচি

গাজায় মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়ে “নো ওয়ার্ক” কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন ঢাকা ট্রিবিউনকে বলেন, “গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রবিবার দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ম্যানেজমেন্ট স্টাডিজ, নৃবিজ্ঞান, রসায়ন, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোসাব্বির ঢাকা ট্রিবিউনকে বলেন, “গাজাবাসীর জন্য একমাত্র আল্লাহই শেষ ভরসা। আমরা দূর থেকে দোয়া করে, যেকোনো ভাবে প্রতিবাদ করে নিজেদের অবস্থান জানাচ্ছি। একারণে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। পাশাপাশি গণহত্যার প্রতিবাদে সকল কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, “গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাত্মতা পোষণ করে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছে। সেক্ষেত্রে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।”