Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জবিতে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট ও ব্যয় সংকোচন নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে একদিন অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বলেন, “বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সবাইকে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে এই পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম সচল রাখবেন।”

সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সপ্তাহে অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব।”

এ ছাড়া সভায় উপস্থিত সদস্যরা জ্বালানি সাশ্রয় নিশ্চিত ও একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিভিন্ন মতামত ও প্রস্তাব প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্টরা।

 

   

About

Popular Links

x