শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবার আনুষ্ঠানিকভাবে বলিউডে অভিষেক করলেন পরিচালক হিসেবে।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত "দ্য ব্যাডস অব বলিউড"-এর প্রিভিউ লঞ্চ অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে মুখ খুললেন আরিয়ান। বক্তব্যে নার্ভাসনেসের কথা স্বীকার করে নিয়ে আগেভাগেই দর্শকদের কাছে ক্ষমা চান তিনি।
মঞ্চে উঠে আরিয়ান বলেন, "আমি টানা আমার কথাগুলো অনুশীলন করেছি। কিন্তু আমি এতটাই নার্ভাস যে, কথাগুলো লিখে এনেছি। যদি ইলেট্রিসিটি চলে যায়, সেই ভয়েও পকেটে একটা টর্চ রেখেছি। তারপরও যদি কিছু ভুল হয়, তাহলে তো পাপা আছেন! আর যদি সত্যিই ভুল করি, তাহলে সবাই দয়া করে আমাকে ক্ষমা করবেন। এটা আমার প্রথমবার!"
মঞ্চের এক কোণে দাঁড়িয়ে ছিলেন কিং খান নিজে- শাহরুখ খান। ছেলের অভিষেক উপলক্ষে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, "আমি গর্বিত যে, গত ৩০ বছর ধরে আপনাদের বিনোদন দিতে পেরেছি। আজকের দিনটা আমার জন্য বিশেষ, কারণ আমার ছেলেও একই পথচলা শুরু করছে। সে খুবই পরিশ্রমী। যদি ওর কাজ আপনাদের ভালো লাগে, তাহলে করতালির সঙ্গে একটু আশীর্বাদও করে দেবেন, দয়া করে।"
প্রায় চার বছর ধরে তৈরি এই সিরিজের নাম "দ্য ব্যাডস অব বলিউড", যা পরিচালকেরূপে আরিয়ানের প্রথম কাজ। সিরিজের তারকা কাস্টে রয়েছেন সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতমী কাপুর। বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খান ও করণ জোহরকে।
"ব্যাডস অব বলিউড" সিরিজে দেখা যাবে বলিউডের উত্থান-পতনের নানা গল্প- স্টারডম, অ্যাকশন-রোমান্স, পাপারাজ্জি কালচার, এবং বক্স অফিসের উত্তেজনা। সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।