একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শিল্পীর মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।

দেশের সঙ্গীতাঙ্গনে ডালিয়া নওশীন ছিলেন এক উজ্জ্বল নাম। ডালিয়া প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

ডালিয়া নওশীন ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মাজহারুল ইসলামের কাছ থেকে তিনি সঙ্গীতের অনুপ্রেরণা লাভ করেন। ডালিয়া মাত্র পাঁচ বছর বয়সে কিংবদন্তি শিল্পী সুধীন দাশের কাছে উত্তরভারতীয় ধ্রুপদীসঙ্গীত ও নজরুলসঙ্গীতে দীক্ষা নেন।
 
১৯৭৩ সালে ছায়ানট থেকে সঙ্গীতের ওপর পাঁচ বছর মেয়াদি শিক্ষা গ্রহণ করেন। ভারতের বিখ্যাত গুরুদের কাছেও সঙ্গীতের শিক্ষা লাভ করেছিলেন ডালিয়া। তিনি ভারতের বর্ধমানে অবস্থিত অন্তর সঙ্গীত মহাবিদ্যালয় এবং চন্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকে উত্তর ভারতীয় ধ্রুপদীসঙ্গীত ও নজরুলসঙ্গীতে “সঙ্গীত বিশারদ” উপাধি লাভ করেন।