বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জামিনের শর্ত অনুযায়ী মামলার বাদির সঙ্গে আপোষ করার কথা থাকলেও আসামি তা ভঙ্গ করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জামিনে মুক্তি পেলেও পরে তা বাস্তবায়ন করেননি এবং গ্রহণ করা অর্থও ফেরত দেননি। এ প্রেক্ষিতে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ ছিল বৃহস্পতিবার পর্যন্ত।
মামলার নথি অনুযায়ী, শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের প্রলোভন দেন নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন। পরে সেই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।
২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়ের হলে আদালত তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এর ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।