রাজনীতিতে আসছেন বর্ষা!

রূপালি পর্দা ছেড়ে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তার স্ত্রীর এই ইচ্ছার কথা জানিয়েছেন।    

অনন্ত জলিল বলেছেন, "বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছে। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করেন। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে।" 

রাজনীতিতে ঘোষণা দেওয়ার বিষয়ে অনন্ত জলিল জানিয়েছেন, সরাসরি কোনো দলে যুক্ত না থাকলেও দেশসেবা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন হয়।    

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে বলেছেন, "হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!" 

তার মতে, আমি যদি সৎ থাকি তবে জনগণ তা জানবে। এই ধরনের নেতৃত্ব দিলে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে?