অভিনেত্রী পূজা চেরির বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ এপ্রিল তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রায় ১২ থেকে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রসিকিউশন পুলিশের এসআই তারেকুজ্জামান জানান, গত বৃহস্পতিবার দেবু প্রসাদকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

মামলার বাদী মিজানুর রহমান অভিযোগ করেছেন, দেবু প্রসাদ রায় তার দীর্ঘদিনের বন্ধু। চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো:

বাদী মিজানুর রহমানের দাবি, দীর্ঘ সময় পার হলেও দেবু প্রসাদ কোনো টাকা ফেরত দেননি এবং পাওনা পরিশোধ নিয়ে টালবাহানা শুরু করেন।

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাদীর পক্ষ থেকে দেওয়া লেনদেনের স্টেটমেন্ট এবং আনুষঙ্গিক তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। লেনদেনের সত্যতা নিশ্চিত করতে ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্যাদি সংগ্রহ করছে পুলিশ।

এ বিষয়ে অভিনেত্রী পূজা চেরির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পূজা চেরির বাবার এই গ্রেপ্তারের খবর চলচ্চিত্র পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।