আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম রকস্টার। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, যার বড় কারণ শাকিব খান। পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সেই উন্মাদনা আরও বেড়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া প্রথম গান “পিরিতি” দর্শকদের প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে।
নির্মাতা আজমান রুশো পরিচালিত এটি তার প্রথম চলচ্চিত্র। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও রয়েছেন তানজিয়া জামান মিথিলা। “পিরিতি” গানে দেখা গেছে সংগীতশিল্পী পান্থ কানাইকেও। জানা গেছে, সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকেও।
এর মধ্যেই নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে পরিচিত এই শিল্পী বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী হিসেবেও পরিচিত।
জানা গেছে, সিনেমাটির শেষ দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি নায়েক। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। তার ভাষ্য, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সিনেমাটির পরিচালকই বিস্তারিত জানাতে পারবেন।”
পরে নির্মাতা আজমান রুশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিস্তারিত প্রকাশ না করলেও ইঙ্গিত দিয়েছেন বড় চমকের।
রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে পরিচিত সুনিধি নায়েক ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’ এবং ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো গানের মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয় সংগীতেও রয়েছে তার দক্ষতা। ভারতের আসানসোলে জন্ম নেওয়া এই শিল্পীর বেড়ে ওঠা শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিবেশে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালইয়ে পড়াশোনা শেষে ২০২০ সালের শেষদিকে শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। বর্তমানে কোক স্টুডিও বাংলা সহ বিভিন্ন আয়োজন ও কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন এই শিল্পী।