‘ঈদ-উল-আজহা ২০২৬’ এ পুরো সপ্তাহ জুড়ে বিনোদনসূচীতে যুক্ত হয়েছে দারুণ কিছু নাটক। রোমান্টিক ঘরানাকে সামনে রেখে এই নাটকগুলোতে দেখা মিলবে জীবনমুখী ও পারিবারিক জনরার মেলবন্ধন। তবে সবকিছুকে ছাপিয়ে নাট্যপ্রেমিদের উদ্দীপনার খোরাক যোগাচ্ছে প্রিয় তারকাদের অভিনয় দেখার আগ্রহ। চলুন, জেনে নেওয়া যাক এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শীর্ষ কয়েকটি নাটকের ব্যাপারে।
তোমাদের গল্প ২
গত বছরের রোজার ঈদে প্রচারিত হয়েছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক ‘তোমাদের গল্প’। পারিবারিক গল্পের নাটকটি বিপুল জনপ্রিয়তা পায়। উটিউবে বর্তমানে এর ভিউ চার কোটি ৭০ লাখেরও বেশি। এক বছর পর এবার আসতে যাচ্ছে নাটকটির দ্বিতীয় কিস্তি ‘তোমাদের গল্প ২’। প্রথম পর্বের মতো এবারও একঝাঁক তারকা থাকছেন নাটকটিতে। প্রধান চরিত্রে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী তো থাকছেনই; সঙ্গে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, সাবেরি আলম, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, ডাক্তার এজাজ, মাহমুদুল মিঠু, শিল্পী সরকার অপু, এম এন ইউ রাজু, নাদের চৌধুরীসহ অনেকে। কোরবানির ঈদে নাটকটি দেখা যাবে চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
মায়াপাখি
কোরবানির ঈদ ঘিরে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা জুটির ‘মায়া পাখি’ নামের আরও একটি নতুন নাটক আসছে।
নাটকটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। ‘মায়া পাখি’ পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নির্মাতা জানিয়েছেন, নাটকটির গল্প আবর্তিত হয়েছে মায়া নামের এক তরুণীকে ঘিরে। যে মেয়েটি এই সময়েও এসেও খুব সাধারণ জীবন যাপন করে। নির্মাতার ভাষ্য, চরিত্রটিতে হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের আবহ আছে। সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ। তাদের গল্পেই এগিয়ে যাবে নাটকটি।
ডুব
ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে ভিন্নধর্মী গল্পের বিশেষ নাটক ‘ডুব’। প্রেম, ভুল বোঝাবুঝি আর গ্রামীণ সালিশের হাস্যরসাত্মক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ঈদ আয়োজনের অংশ হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
কিপটে কারে কয়
ভিন্ন স্বাদের একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শামীম জামান। ‘কিপটে কারে কয়’ শিরোনামের এই নাটকটি নির্মিত হয়েছে হাস্যরস, বন্ধুত্ব আর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।
নাটকের গল্পে উঠে এসেছে দুই ভিন্ন স্বভাবের মানুষের মজার সব ঘটনা। কৃপণতা, ভুল বোঝাবুঝি ও পারিবারিক নানা পরিস্থিতিকে ঘিরে এগিয়ে যায় নাটকের কাহিনি। নির্মাতারা বলছেন, ঈদের আনন্দের সঙ্গে মিল রেখে দর্শকদের নির্মল বিনোদন দিতেই নাটকটি তৈরি করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ‘কিপটে কারে কয়’।
ভালোবেসেছিলাম
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ভালোবেসেছিলাম’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর ও আবুল হায়াত।
এবারের ঈদে তানিম রহমান অংশু পরিচালিত ‘অচেনা আমি’ নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক। অচেনা আমি-র গল্প ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ব নিজেই।