রাত ৭টার পরও খোলা থাকবে সিনেমা হল

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনা আবারও কার্যকর করা হয়েছে। ঈদ-উল-আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা আর বহাল থাকছে না।

তবে সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে স্বস্তির খবর। সরকারি এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে শপিংমলের ভেতরে থাকা সিনেমা হলগুলোও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের প্রদর্শনী চালিয়ে যেতে পারবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি জানান, ঈদের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছিল, যাতে শপিংমল বন্ধের সিদ্ধান্ত সিনেমা হল ও সিনেপ্লেক্সের কার্যক্রমে কোনো প্রভাব না ফেলে। মন্ত্রণালয় আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনা করেছে।

তিনি বলেন, “শপিংমলের সঙ্গে সংযুক্ত সিনেমা হলগুলোর প্রদর্শনী নিয়ে দর্শকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্ধারিত সময় অনুযায়ী সব শো চলবে।“

একই তথ্য জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তার ভাষ্য, “শপিংমল নির্ধারিত সময়ে বন্ধ হলেও সিনেমা প্রদর্শন কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং দর্শকরা আগের মতোই সিনেমা উপভোগ করতে পারবেন।“

এদিকে ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা “রকস্টার”, “রইদ”, “বনলতা সেন”, “মালিক”, “পিনিক”, “অফিসার”, “মাসুদ রানা” ও “তছনছ”।

সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটিতে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দর্শক উপস্থিতি ধরে রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শপিংমলভিত্তিক মাল্টিপ্লেক্সগুলোতে সন্ধ্যা ও রাতের শোগুলো নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে।

ফলে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ চলমান থাকলেও ঈদের সিনেমা উপভোগে দর্শকদের কোনো ধরনের বাধার মুখে পড়তে হবে না।