Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইত্যাদির নরসিংদী পর্ব আসছে ৫ জুন 

শুক্রবার রাত ৮টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় এবার নরসিংদীতে আয়োজন করা হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্বের শুটিং। 

নরসিংদী পর্বের ইত্যাদি আগামী ৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। 

রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয় এবারের মঞ্চ। 

অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে থাকছে বর্ণিল নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

এবারের পর্বে আরও থাকছে নরসিংদীর সন্তান শিল্পী ইমন চৌধুরী ও তার দল বেঙ্গল সিম্ফনির পরিবেশনায় একটি ফোক-ফিউশন গান। গানটির কথা লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল, আর সুর-সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী নিজেই। 

দর্শকপর্বে নরসিংদীভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত ৪জন দর্শক অংশ নেন একটি বিশেষ নাট্যাংশে, যেখানে তুলে ধরা হয়েছে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য। 

এছাড়া এবারের ইত্যাদিতে থাকছে প্রাচীন প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা, জেলার কীর্তিমান ব্যক্তিত্ব এবং বিখ্যাত তাতশিল্প নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। 

নিয়মিত আয়োজন হিসেবে থাকছে কাশেম টিভির সাংবাদিক ও নাতির মজার আড্ডা, পাশাপাশি সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। 

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

   

About

Popular Links

x