আগামী ৫ জুলাই তৃতীয় বিয়ে সারছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। মুম্বাইয়ে নিজের বাসভবনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিয়ের অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান সময়-সুযোগ মিললে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
এর আগে আমির খান দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান - জুনাইদ খান ও ইরা। পরে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের ছেলে আজাদ। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন।
গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী।
উল্লেখ্য, গত বছর মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
শোনা যাচ্ছে, বড় কোনো আয়োজন নয়, বরং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশেই সবকিছু সম্পন্ন করতে চান তিনি।